আলী আহসান রবি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন তরুণ প্রজন্মকে বিজ্ঞানচর্চা ও গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির বহুল প্রয়োগ ছাড়া একবিংশ শতাব্দীর বিশ্বায়নে টিকে থাকা অসম্ভব।”
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মিলনায়তনে বাংলাদেশ বিজ্ঞান একাডেমী আয়োজিত “১৫তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সচিব আরও বলেন, বাংলাদেশ বিজ্ঞান একাডেমী তরুণদের বিজ্ঞানমুখী ও বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করতে প্রতি বছর বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করছে, যা সত্যিই প্রশংসনীয়। এ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, প্রচার-প্রসার এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা তৈরিতে সরকার নিয়মিত কাজ করে যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে বলেন, বিজ্ঞান মনষ্ক জাতি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় পাশে থাকবে।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং অলিম্পিয়াডের সেক্রেটারি অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী জানিয়েছে, দেশব্যাপী বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী তৈরির লক্ষ্যে এই অলিম্পিয়াড আয়োজন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে এবার আটটি বিভাগ থেকে মোট ৫৪৮ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশ নেয়। কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞানচর্চা ও গবেষণায় তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin