প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৬:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৮:০৭ এ.এম
মধ্যনগর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১৪টি মালিকবিহীন ভারতীয় গরু জব্দ।

কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ১৪টি মালিকবিহীন ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনস্থ মাটিরাবন বিওপি সীমান্ত এলাকা থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯০ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন মধ্যরাতে একই ইউনিয়নের কীর্তনছড়া এলাকায় বাংগালভিটা বিওপি সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। ওই অভিযানে আরও ৬টি মালিকবিহীন ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা।
দুটি অভিযানে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। এসব গরুর সর্বমোট আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ১৫ হাজার টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অব্যাহত রয়েছে। জব্দকৃত গরুগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin