আলী আহসান রবি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা ডিজিটাল পদ্ধতিতে বিতরণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় দুই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রতিষ্ঠান বিকাশ এবং রকেট-এর সাথে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম। যুব উন্নয়ন অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিকাশ ও রকেটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব বলেন, বিকাশ ও রকেট সরকারের বিভিন্ন পর্যায়ের সেবায় অংশীদার হিসেবে কাজ করছে। আজকের এই উদ্যোগটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আগে হাতে হাতে ভাতা বিতরণের ক্ষেত্রে যে অব্যবস্থাপনা বা অপব্যবহারের ঝুঁকি থাকত, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে তা সম্পূর্ণ দূর হবে। এর ফলে প্রশিক্ষণার্থীদের কাছে দ্রুততম সময়ে সরাসরি টাকা পৌঁছে যাবে এবং সরকার ও জনগণের মাঝে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে প্রশিক্ষণ ভাতার পাশাপাশি যুব ঋণ, ক্রীড়া বৃত্তি এবং চিকিৎসা ভাতাও এই ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা হবে।
বিকাশ-এর চিফ কমিউনিকেশন অফিসার জানান, বর্তমানে প্রায় ৮ কোটি ইউনিক গ্রাহক নিয়ে বিকাশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সফলভাবে কাজ করছে। তিনি প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ডাচ-বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন বলেন, রকেট সারা দেশে প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে এবং এটি একটি অত্যন্ত নিরাপদ মাধ্যম। যুব উন্নয়নের এই মহতী উদ্যোগে আমরা একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার করছি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin