প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ১১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ৫:০৯ পি.এম
নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল।

কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : সুনামগঞ্জের মধ্যনগর ও তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ
নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় হাওরে পানি প্রবেশ শুরু হয়েছে। এতে বোরো ধান রক্ষা নিয়ে চরম উৎকণ্ঠায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
জানা যায়, প্রতিবছর এ অঞ্চলের কৃষকদের নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করতে হয়। কিন্তু গুরুত্বপূর্ণ এই নজরখালী ও নাওটানা অংশ পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ প্রকল্পের আওতাভুক্ত না থাকায় সরকারি কোনো কার্যকর বরাদ্দ বা স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা গেছে, নজরখালী অংশে বাঁধ নির্মাণ না থাকায় পানি প্রবাহ সরাসরি হাওরের ভেতরে ঢুকে পড়ছে। এতে ধীরে ধীরে পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিস্তীর্ণ এলাকার বোরো ফসল ঝুঁকির মুখে পড়েছে।
চলতি অর্থবছরে তাহিরপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ৮৮টি প্রকল্পে প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও নজরখালী বাঁধ অনুমোদিত তালিকায় না থাকায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
এ অবস্থায় তাহিরপুর ও মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ৮২টি গ্রামের কৃষক সরাসরি ক্ষতির আশঙ্কায় রয়েছেন। প্রায় ৯ হাজার হেক্টর জমির বোরো ধান এখন আগাম বন্যার ঝুঁকিতে রয়েছে।
বিশেষ করে মধ্যনগর উপজেলার উত্তর ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রংচী, খিদিরপুর, আমানীপুর, আন্তরপুর ও রূপনগর গ্রামের কৃষকরা সবচেয়ে বেশি বিপদের মুখে রয়েছেন। নজরখালী বাঁধ নির্মাণ না হলে গনিয়াকুরি, নান্দিয়া, রাঙামাটিয়া ও সামসাগরসহ বিস্তীর্ণ হাওর এলাকার ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সময়মতো গুরুত্বপূর্ণ এই বাঁধ নির্মাণ করা হলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin