প্রিন্ট এর তারিখঃ মার্চ ২২, ২০২৬, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৬, ১২:৫৪ পি.এম
কুমিল্লা রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষ: প্রধানমন্ত্রীর শোক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নির্দেশ।

কাইয়ুম বাদশাহ : কুমিল্লা, ২২ মার্চ ২০২৬: কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী জানান, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরও নির্দেশ দিয়েছেন তিনি।
কুমিল্লায় দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি কমিটি গঠন করেছে, আর একটি কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে। দায়িত্বে অবহেলার জন্য ইতোমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী দেশের অন্যান্য জেলায়, যেমন ফেনী, হবিগঞ্জ ও জামালপুরে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
আজ রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। হতাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থায় দুর্বলতা চিহ্নিত করে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না।”
সূত্র: PMO Bangladesh Official Facebook page
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin