আলী আহসান রবি : পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপের পুরুষ ডাবলসে স্বর্ণপদক জয় করায় সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। প্রতিমন্ত্রী এক বার্তায় বলেন, আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের তরুণ শাটলারদের এমন অর্জন দেশের জন্য অত্যন্ত গৌরবের। ফাইনালে নেপালের শক্তিশালী জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় তিনি গালিব ও জয়ের অদম্য স্পৃহার ভূয়সী প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, দক্ষিণ এশিয়ার ৬টি দেশের অংশগ্রহণে লিয়াকত জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে গালিব ও জয়ের ২–১ সেটের এই জয় তাদের কঠোর পরিশ্রম ও টেকনিক্যাল শ্রেষ্ঠত্বেরই প্রমাণ।
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এই বিজয়ী জুটি ভবিষ্যতে বাংলাদেশকে আরও অনেক আন্তর্জাতিক সাফল্য উপহার দেবে। তিনি খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin