প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ১০:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৩:০৩ পি.এম
মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা সমালোচনা, ষড়যন্ত্রের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।

বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদকে ঘিরে নতুন করে আলোচনা ও রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, তাকে দায়িত্ব থেকে সরিয়ে একটি নির্দিষ্ট পক্ষের পছন্দের ব্যক্তিকে চেয়ারম্যানের দায়িত্বে বসানোর লক্ষ্যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদকে কেন্দ্র করে কয়েকদিন ধরে এলাকায় নানা আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে স্থানীয়ভাবে আমানুল্লাহ মেম্বারকে চেয়ারম্যানের দায়িত্বে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছড়িয়ে অপসারণের পরিবেশ তৈরির চেষ্টা করছে। তার দাবি, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে পরিবর্তন আনতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, “আমি দায়িত্ব পালন করে যাচ্ছি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে চাইছে।”
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যেও নানা আলোচনা দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, চেয়ারম্যান পদকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চলছে; আবার অনেকে বিষয়টি প্রশাসনের নজরে এনে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে এবং ইউনিয়ন পরিষদের নেতৃত্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন ও মতভিন্নতা তৈরি হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin