প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৭:২২ এ.এম
সুনামগঞ্জের মধ্যনগরে হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ মেরামত ও নতুন স্কিম প্রণয়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগরে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত ফসলরক্ষা বাঁধের মেরামত, সংস্কার ও পুনঃসংস্কারসহ নতুন প্রকল্প (স্কিম) প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের লক্ষ্যে তিনটি ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বংশীকুন্ডা দক্ষিণ, মধ্যনগর সদর ও চামরদানি ইউনিয়নে ধারাবাহিকভাবে এই গণশুনানিগুলো অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্রথম গণশুনানি শুরু হয়। এরপর সকাল ১১টায় মধ্যনগর সদর ইউনিয়নে এবং দুপুর ১২টায় চামরদানি ইউনিয়নে পরবর্তী গণশুনানিগুলো অনুষ্ঠিত হয়। উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই তিনটি গণশুনানির সবগুলোতেই সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
গণশুনানিতে পানি উন্নয়ন বোর্ডের মধ্যনগর দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব নূর আলম, কৃষক প্রতিনিধি মো. নুর মোহাম্মদ, শাহেদ আলী, মো. নুরু মিয়া, কাজল মিয়া, বিল্লাল হোসেন, নিজাম উদ্দিন ও রুপন বিশ্বাসসহ অনেকে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। বক্তারা হাওর এলাকায় আগাম বন্যা ও আকস্মিক ঢল মোকাবিলায় সময়মতো টেকসই ফসলরক্ষা বাঁধ নির্মাণের গুরুত্ব তুলে ধরে বলেন, এজন্য সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin