
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে আজ দুপুর ১টার দিকে নির্বাচনী পোস্টার ও ব্যানার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনী আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন সাকিবুর রহমান, সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট), সুনামগঞ্জ। সহায়তায় ছিলেন মধ্যনগর থানা পুলিশের এএসআই মোঃ আমিনুল ইসলাম ও তার ফোর্স, এবং গ্রাম পুলিশ। এছাড়াও উপস্থিত ছিলেন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়, ইউনিয়নের বিভিন্ন মেম্বার, এলাকার নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা চাই নির্বাচন হবে সুষ্ঠু, স্বচ্ছ এবং সকলের জন্য ন্যায্য। তাই নির্বাচনী এলাকায় অযাচিত প্রচারণা ও অবৈধ পোস্টার বা ব্যানার উচ্ছেদ করা হচ্ছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
উপস্থিত কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মহিষখলা বাজার ও আশপাশের সাধারণ মানুষও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
নির্বাচনী অঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই অভিযানকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।
নিজস্ব সংবাদ : 








