
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে হোসেনপুর থানায় এক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তোফাজ্জল হোসেন, হোসেনপুর সার্কেল, কিশোরগঞ্জ। এরপর পুলিশ সুপার মহোদয় উপস্থিত সর্বসাধারণের সঙ্গে থানার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মুক্ত আলোচনা পরিচালনা করেন।
মুক্ত আলোচনায় উপস্থিতরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সহ বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করলে পুলিশ সুপার জানান:
“জনসাধারণ হলো পুলিশের শক্তির প্রধান উৎস। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সার্বিক সহযোগিতায় নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও গতিশীল করার জন্য সর্বদা প্রস্তুত।”
তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং দুষ্কৃতকারীদের কার্যক্রম নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপস্থিতরা তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরলে পুলিশ সুপার তা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
উক্ত অনুষ্ঠান অফিসার ইনচার্জ, হোসেনপুর থানা, মুহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে আয়োজনের মূল উদ্দেশ্য হলো আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং পুলিশের স্বচ্ছ ও জনসচেতন কর্মকাণ্ড প্রচার করা।
নিজস্ব সংবাদ : 




















