
আলী আহসান রবি : সকালে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন,এমপি সমাজসেবা অধিদপ্তরের অফিস কমপ্লেক্স ও সংশ্লিষ্ট বিভিন্ন শাখা পরিদর্শন করেন । পরিদর্শনকালে মন্ত্রী সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র ঘুরে দেখেন। একই সাথে সমাজসেবা অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী “Survivor-Centered GBV Case Management” বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ (ToT) কার্যক্রম পরিদর্শন করেন।
মাননীয় মন্ত্রী প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। মাননীয় মন্ত্রী সমাজের বাস্তব চাহিদা এবং সময়ের সাথে সংগতিপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করেন । প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগানোর এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পরবর্তীতে মন্ত্রী মহোদয় সমাজসেবা অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ‘চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ’ (CSPB) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় পরিচালিত শিশু সুরক্ষা চাইল্ড হেল্পলাইন ১০৯৮ কার্যক্রমটি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হেল্পলাইনে আসা কলের সংখ্যা, কলের ধরন এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে অবহিত হন। তিনি হেল্পলাইনের প্রতিবেদন ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে সফটওয়্যার আপগ্রেড করার নির্দেশনা প্রদান করেন। এর মাধ্যমে সেবাগ্রহীতার তথ্য ও সেবার বিবরণ বিভাগ, জেলা ও উপজেলাভিত্তিক উপস্থাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাননীয় মন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের ডে-কেয়ার সেন্টারসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। নিজের শিশুদের মতো আদর, মমতা দিয়ে শিশুদের যত্নের প্রতি গুরুত্বারোপ করেন।
এ সময় মাননীয় মন্ত্রীর সাথে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব শাহ্ মোহাম্মদ মাহবুব এবং অধিদপ্তরের অন্যান্য পরিচালকবৃন্দ, CSPB প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এবং সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 



















