
আলী আহসান রবি : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ ঈদের ছুটিতেও চালু থাকছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরী কর্তৃক ১৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী আগামী ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ২৪ ঘন্টা ৭ দিন এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। এতে ৩ শিফ্টে ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন । প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন,ঢাকা এই ঠিকানায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নাম্বার হচ্ছে (টোল ফ্রি) [দেশে থেকে ১৬১৩৫] এবং [বিদেশ হতে +৮৮০৯৬১০১০২০৩০]।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে জারিকৃত অফিস আদেশে আরও বলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া এবং নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল।
এছাড়াও অফিস আদেশে কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে যে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশস্থ শ্রমকল্যাণ উইং এর সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং ছক মোতাবেক তথ্যাদি সংগ্রহপূর্বক ফোকাল পয়েন্ট কর্মকর্তার নিকট জমা প্রদান করবেন।
উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ হতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
নিজস্ব সংবাদ : 



















