
আলী আহসান রবি : জাতীয় সংসদ গ্যালারিতে অনুর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন রয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি দর্শনার্থী গ্যালারিতে আরও ১০০ আসন শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়ে পত্র লিখেন মাননীয় স্পিকারের কাছে। মাননীয় স্পিকার সে আবেদন মঞ্জুর করেছেন।
এখন থেকে আরও বেশি শিক্ষার্থীরা সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবেন যা ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার রীতির সাথে পরিচিত করাবে।
এ প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষা মন্ত্রী হিসেবে আমিও চাই জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সাথে আলাপ করতে গেলে তিনি এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন শিক্ষার্থীরা সংসদে আসলে সংসদের অধিবেশন চালুর পূর্বে সংসদ নিয়ে বিস্তারিত অবহিত করা হবে। এতে তারা দেশের সংসদের স্থাপত্য শৈলী, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে শিক্ষা লাভ করতে পারবে।
নিজস্ব সংবাদ : 




















