
আলী আহসান রবি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক সব সময় ই সীমান্তবর্তী জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি সীমান্তবর্তী এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে। একইসাথে স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বাইশফাঁড়ি বিওপি’র উদ্যোগে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এতে সীমান্তবর্তী এলাকার ২৭৯ জন দুঃস্থ, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ, স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান এবং মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় অধিনায়ক বলেন, “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”- বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
নিজস্ব সংবাদ : 




















