
মাদারীপুর প্রতিনিধি : গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়। জেলা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)।
পুলিশ সুপার মহোদয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে তাঁদের অংশগ্রহণ, বিভিন্ন অপারেশন এবং যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন এবং এ ধরনের সম্মানজনক আয়োজনের জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “আপনারা আমাদের পথপ্রদর্শক। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ থেকে অস্ত্র হাতে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কোন সন্তান যেমন পিতামাতার ঋণ শোধ করতে পারবে না, তেমনি আপনার ঋণ জাতি কখনো শোধ করতে পারবে না।”
এ সময় মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণও উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 




















