
আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) নিজেদের ক্ষমতা ও নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করতে একগুচ্ছ বড় ধরনের পদক্ষেপ অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এসব নিয়ম ও সিদ্ধান্ত অনুমোদন করে। এসব সিদ্ধান্তের আওতায় পশ্চিম তীরে ফিলিস্তিনি জমি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কাছে বিক্রি সহজ করা এবং ফিলিস্তিনিদের নিয়ন্ত্রিত এলাকাতেও ইসরায়েলি কর্তৃপক্ষের ক্ষমতা বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের সিদ্ধান্তকে বিপজ্জনক, অবৈধ এবং কার্যত দখলদারিত্বের (ডি ফ্যাক্টো অ্যানেক্সেশন) শামিল বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।
এদিকে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। জর্ডান জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়া এবং ইসরায়েলি বসতি স্থাপন আরও শক্তিশালী করা।
অন্যদিকে হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলি দখলদারিত্ব এবং বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার করতে।
বিশ্লেষকদের মতে, পশ্চিম তীরে ইসরায়েলের এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়তে পারে এবং ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নতুন করে তীব্র আকার নিতে পারে।
নিজস্ব সংবাদ : 








