
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে প্রথমবারের মতো ১০২ জন কৃতি হাফেজে কুরআনকে সংবর্ধনা দিয়েছে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডা। রোববার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠে ‘কৃতি হাফেজে কুরআন সংবর্ধনা-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আকিব মাহমুদ, খোকন মুহাম্মদ রিয়ান ও শরিফ বিন আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।
প্রধান আলোচক মাওলানা আশরাফুজ্জামান “হাফেজে কোরআনের মর্যাদা ও করণীয়” বিষয়ে আলোচনা করেন। বিশেষ আলোচক হিসেবে প্রভাষক জহিরুল ইসলাম “তথ্যপ্রযুক্তির যুগে কোরআনের হাফেজ: দ্বীনি পরিচয় অটুট রেখে দক্ষতা অর্জনের পথ” এবং আব্দুল আউয়াল মিসবাহ “আদর্শ সমাজ বিনির্মাণে হাফেজে কোরআনের ভূমিকা ও করণীয়” শীর্ষক বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সামিউল কিবরিয়া তালুকদার, শামছুদ্দিন আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনাপ্রাপ্ত হাফেজরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকরা জানান, কোরআনের হাফেজদের সম্মাননা প্রদানের মাধ্যমে সমাজে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরা এবং নতুন প্রজন্মকে কোরআন শিক্ষায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
নিজস্ব সংবাদ : 










