
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা নুরুল ইসলাম (৭৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ময়মনসিংহে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি লিভারের জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্বজনরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ময়মনসিংহ শহরের বিএডিসি ফার্ম মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিজ জন্মস্থান সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রৌহা গ্রামে আনা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় রৌহা গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে জেলার মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিজস্ব সংবাদ : 



















