
কাইয়ুম বাদশাহ : নেত্রকোনার কলমাকান্দায় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত মিলনমেলা ও আলোচনা সভা। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সমাজসেবামূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এবং জহিরুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, সমাজের যেকোনো সংকটে স্বেচ্ছাসেবীরাই প্রথম এগিয়ে আসে। তাদের এই মানবিক কাজ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। তিনি স্বেচ্ছাসেবীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ জাম্বিল নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই তিনি রক্তদানের গুরুত্ব বুঝতে পেরেছেন। তাই তিনি সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার এবং উপজেলা এনপিপির সমন্বয়ক আবু কাওসার। বক্তারা বলেন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম বিশেষ করে রক্তদান একটি মহৎ উদ্যোগ, যা সমাজে মানবিকতা ও সহমর্মিতা বৃদ্ধি করে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
নিজস্ব সংবাদ : 




















