
কাইয়ুম বাদশাহ : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কাফরুল সেনানিবাস এলাকার ৪২ মমতা কমপ্লেক্সে সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া এবং সঞ্চালনা করেন মহাসচিব শফিকুল ইসলাম (বাবু)। সভায় জানানো হয়, আগামী ২২ এপ্রিল সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের গৌরবময় ইতিহাস, আত্মত্যাগ ও অবদানকে স্মরণ করে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া নির্দেশনা প্রদান করে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযোগ্য মর্যাদায়, শৃঙ্খলা বজায় রেখে এবং সম্মিলিতভাবে পালন করতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করতে হবে।
এছাড়া আগামী ২৫ এপ্রিল শনিবার সকাল ১১টায় ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
উক্ত র্যালিতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্যসহ দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির সদস্য এবং মুক্তিযোদ্ধা সন্তানরা অংশগ্রহণ করবেন।
সভায় জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ইতিহাস, দেশপ্রেম ও ঐক্যের বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে।
নিজস্ব সংবাদ : 



















