
হামিম রানা : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া গুলিতে মনিরুজ্জামান নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে হরিপুর উপজেলার মিনাপুর বিওপি এবং ভারতের জলপাইগুড়ি জেলার বিপরীতে ৮৭ নম্বর সীমান্ত পিলারের চেনগাও বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করলে ভারতের চেনগাও বিওপি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। এতে মিনাপুর বিওপি এলাকায় দায়িত্ব পালনরত বিজিবি সদস্য মনিরুজ্জামান গুলিবিদ্ধ হন।
পরে সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এদিকে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, মিনাপুর বিওপি দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হওয়ায় এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
অন্যদিকে দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয় গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজিবি সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজস্ব সংবাদ : 



















