
আলী আহসান রবি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা আগামী অর্থবছর থেকে ১৫ মাসের চাহিদা বিবেচনায় রেখে সবধরনের টিকা ও সরঞ্জামাদি সংগ্রহ করার পরিকল্পনা করছি। সেইসাথে এটাও নিশ্চিত করবো যাতে সবসময় আমাদের হাতে ৬ মাসের টিকা মজুদ থাকে এবং কোন ধরনের সংকট তৈরি না হয়।
তিনি আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দাপার্ক সংলগ্ন লিটল এঞ্জেলস সেমিনারীতে আয়োজিত “দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। বিগত সরকারগুলো সরকারি কোষাগারে কোনো টাকা রেখে যায়নি। কিন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতা ও নির্দেশনায় আমরা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছি।
মন্ত্রী বলেন, আমাদের বাচ্চাদের পুষ্টির অভাব। শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, আমাদের নিজেদের ও সচেতন হতে হবে। সবচাইতে বেশি কার্যকর ওষুধ মায়ের দুধ। মায়ের দুধ পান করলে বাচ্চারা বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনেক মায়েরা বিভিন্ন কারণে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান না। বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
এসময় স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ শয্যায় করার ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ ডা. রাজেশ নারওয়াল, স্বাস্থ্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমানসহ অন্যান্যরা।
পরে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর শাহজাদপুরে লাইট ফেয়ার স্কুল কেন্দ্রে “দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” এর কার্যক্রম পরিদর্শন করেন ও অভিভাবকদের সাথে কথা বলেন। এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন , যুক্তরাষ্ট্র থেকে আগত বিশেষ দূত চার্লস হার্ডার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 



















