
কাইয়ুম বাদশাহ : সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জালালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) বেলা আনুমানিক আড়াইটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সিলেটগামী ‘রিফাত পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে জালালপুর এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চাপা পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৫ যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার তেরজালাল গ্রামের বাসিন্দা। অপর নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, “দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার তথ্য আমরা নিশ্চিত হয়েছি। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।”
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভও লক্ষ্য করা গেছে।
নিজস্ব সংবাদ : 











