
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চলতি মৌসুমের বোরো ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের লক্ষ্যে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এই কর্মসূচির মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে, অর্থাৎ প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা মূল্যে ধান সংগ্রহ করা হবে। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং প্রকৃত কৃষকরা ন্যায্য মূল্য পাবেন বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন শাহীন(পিপিএম), ধর্মপাশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিকুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হক এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ (ভারপ্রাপ্ত) তার বক্তব্যে আরও বলেন, ধান সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা হয়রানি সহ্য করা হবে না। প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দালাল বা মধ্যস্বত্বভোগীদের কোনো সুযোগ না দিতে প্রশাসন তৎপর থাকবে।
স্থানীয় কৃষকদের কাছে এ উদ্যোগ স্বস্তির বার্তা হিসেবে দেখা দিয়েছে। অনেক কৃষকই আশা প্রকাশ করেছেন, সরকারি এই কার্যক্রমের মাধ্যমে তারা একটি নির্ধারিত ও ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারবেন, যা তাদের উৎপাদন ব্যয় মেটাতে সহায়ক হবে।
প্রশাসন জানিয়েছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী পর্যায়ক্রমে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
নিজস্ব সংবাদ : 










