
হামিম রানা : ভূল্লী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেনডল ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে ভূল্লী থানার একটি দল ১৫নং দেবীপুর ইউনিয়নের খোশবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ গোলাম মোস্তফা গোলা (২৬), মোঃ জাকির হোসেন (৩৫) ও মোঃ আব্দুল মজিদ (২০) নামের তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের সকলের বাড়ি খোশবাজার এলাকায়।
পুলিশ জানায়, ১নং আসামি গোলাম মোস্তফা গোলার বসতবাড়িতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে গোলাম মোস্তফা গোলার কাছ থেকে ৫ পিস ট্যাপেনডল ট্যাবলেট এবং জাকির হোসেনের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আব্দুল মজিদ মাদক ক্রয়ের উদ্দেশ্যে সেখানে এসেছিল বলে জানায় পুলিশ।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন,
“মাদকের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
নিজস্ব সংবাদ : 










