
মো: হামিম রানা, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় লুকিয়ে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরি’মানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বলিদ্বারা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম এবং ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা একরামুল করিম।
স্থানীয় কৃষকদের অভিযোগ, “নবাব এন্ড ব্রাদার্স”-এর স্বত্বাধিকারী তজির কৃষকদের কাছে সার বিক্রি না করে নিয়মিত খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতেন।
অভিযোগের ভিত্তিতে তিনি বাজারসংলগ্ন খুচরা ব্যবসায়ী খায়রুলের কাছে ১৫ বস্তা সার বিক্রি করেন। পরে খায়রুল বিষয়টি স্বীকার করলে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়।
উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ৮ ও ১২(১) ধারায় “নবাব এন্ড ব্রাদার্স”-কে ২০ হাজার টাকা এবং খুচরা বিক্রেতা খায়রুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় খুচরা বিক্রেতার গুদাম থেকে ১১৮ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
নিজস্ব সংবাদ : 










