
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন, ঢাকা থেকে ঘোষিত আনুষ্ঠানিক মনোনয়ন তালিকা অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব আনিসুল হক আনিস।
মনোনয়ন পাওয়ার পর কৃতজ্ঞ চিত্তে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। প্রিয় সুনামগঞ্জ-১ আসনের অগণিত নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, ভাই ও বন্ধুগণ, আসসালামুআলাইকুম। সুদীর্ঘ পথচলায় দল ও দেশের চরম ক্রান্তিলগ্নে কঠিন সংকটে ও সংগ্রামের মধ্য দিয়ে দুঃসময়ের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দীর্ঘদিন যাবৎ আপনারা আমার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন আমার সকল অস্তিত্ব ও ভালোবাসায়।”
তিনি আরও বলেন, “আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন ও অবিচল আস্থা এবং বিশ্বাসের জন্য আমি চিরঋণী। দুঃসময়ে আপনারা আমাকে আগলে রেখেছেন, ভালোবেসেছেন, সমর্থন দিয়েছেন— এটাই আমার আগামীর পথচলার শক্তি। সুনামগঞ্জ-১ আসনের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক চির অটুট।”
আলহাজ্ব আনিসুল হক আনিস বলেন, “বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে সুনামগঞ্জ-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, আমরা ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আরও শক্তিশালী ভূমিকা রাখব।”
হাওরবেষ্টিত অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি ও পর্যটন শিল্পের অপূর্ব সম্ভাবনাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে বিকাশ ঘটানো— সর্বোপরি সুনামগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখাই আমার অঙ্গীকার।”
পরিশেষে তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব। আমি আজীবন সুখে-দুঃখে, সংকটে-সংগ্রামে সুনামগঞ্জ-১ আসনের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব— ইনশাআল্লাহ।”
বর্তমানে আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
নিজস্ব সংবাদ : 





















