
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় এক আসামিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এএসআই মোঃ আমিনুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় মধ্যনগর থানাধীন ৪ নং মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা এলাকা থেকে ওই আসামিকে আটক করা হয়।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মোঃ নওয়াব আলী (৬৫)। তিনি মৃত আব্দুল মজিদের ছেলে। তার স্থায়ী ঠিকানা ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা গ্রামে। পুলিশ সূত্র জানায়, তিনি মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোঃ নওয়াব আলীর বিরুদ্ধে মধ্যনগর থানায় দায়েরকৃত মামলা নম্বর-০৬, তারিখ-২৭/১১/২০২৪ খ্রিঃ, ধারা-১৫(৩)/২৫ডি, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী একটি মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারের পর সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে তাকে মধ্যনগর থানায় আনা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশি প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে পুলিশ আরও জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
নিজস্ব সংবাদ : 























