
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের ২৪তম ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার বলেন, “এবারের নির্বাচনে পুলিশের ভূমিকার উপর নির্ভর করবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি। সাধারণ জনগণের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা বাড়াতে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম হোসেন (প্রসিকিউশন), অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, পিপিএম (ডিএসবি) এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবেন।
নিজস্ব সংবাদ : 



















