
আলী আহসান রবি : খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং দেশ পরিচালনার ব্যবস্থাপক নির্বাচন করার অধিকারও তাদের হাতে ন্যাস্ত। এবারের নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। জনগণ যাকে চান, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারা দুটি ব্যালোট পেপারে ভোট প্রদান করবে। একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য।
তিনি আজ (মঙ্গলবার) বিকালে নগরীর শহিদ হাদিস পার্কে গণভোট বিষয়ে জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান অনিস্বীকার্য। প্রচলিত ধারার বাহিরে গিয়ে দেশকে নতুন ভাবে পরিচালনার স্বপ্নই ছিলো জুলাই যোদ্ধাদের আকাঙ্খা। সেই আলোকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। এ সনদের স্বীকৃতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে গণভোটে ” হ্যাঁ ” ভোট প্রদানের জন্য তিনি জনগণকে আহবান জানান।
বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোহম্মদ রাশিদুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মন্ডল।
এসময় জনসচেতনামূলক সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে নিয়োজিত ভোটের গাড়ির মাধ্যমে উদ্বুদ্ধকরণ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
নিজস্ব সংবাদ : 

















