
কাইয়ুম বাদশাহ , সুনামগঞ্জ (সিলেট) : সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ সদর থানার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও টেকনিকারা পয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম জিবানের নেতৃত্বে এবং এএসআই (নিরস্ত্র) সুদীপ চন্দ্র বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেয়।
অভিযানে বেরিগাঁও এলাকার আব্দুল কাইয়ুম (৪৭) এবং হাসননগর এলাকার সিএনজি চালক মোঃ জায়েদুল হোসেন জাহিদ ওরফে অনিক (২৩)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ১০০ কেজি জিরা, ৪৫ কেজি কিসমিস, ৬৭৮ বোতল অলিভ অয়েল এবং একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব সংবাদ : 




















